বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
রাজৈর (মাদারীপুর):আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুব সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজকে পরীক্ষাকেন্দ্র করে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্র এলাকায় ছিল ব্যস্ততা। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রের ভেতর ও বাইরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নকল ও অসদুপায় রোধে কেন্দ্র সচিবসহ দায়িত্বরত শিক্ষকরা কঠোর নজরদারি রাখেন।
কেন্দ্র সূত্রে জানা যায়, জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মান যাচাই এবং মেধা অন্বেষণের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজৈর উপজেলা শিক্ষা কার্যালয়ের তত্ত্বাবধানে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। অভিভাবকরাও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।