রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর হাসপাতালে স্বামী হালিম খানের(৫৫) লাশ রেখে পালিয়ে গেছেন স্ত্রী রেশমা (৪০) বেগম। নিহত হালিম খান উপজেলার নগর-গোয়ালদি গ্রামের মৃত বালা খানের ছেলে। মঙ্গলবার সকালে রাজৈর হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, হালিম খান ৪ বছর আগে প্রেমের সম্পর্কের সুত্র ধরে উত্তর দ্বারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে রেশমাকে বিয়ে করেছিল। একটি মোটরসাইকেল কেনা এবং রেশমার পরকীয়া নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল। সোমবার বিকালে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন হালিম। রাতে কি হয়েছে কেউই বলতে না পারলেও সকালে তাকে অচেতন অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে আসে তার স্ত্রী রেশমা ও শ্বশুরবাড়ির লোকজন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই স্ত্রী ও তার পরিবারের সদস্যরা লাশ ফেলে রেখে হাসপাতাল থেকে সরে পড়েন।
নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক খান বলেন , আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। সোমবার বিকালে হালিমের শালা এসে তাকে তাদের বাড়ীতে নিয়ে যায়। এছাড়াও হালিমের স্ত্রী পরকীয়ায আসক্ত ছিল। এরাই এ ঘটনা ঘটিয়েছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
ঘটনার পর হালিমের শশুর বাড়ীর লোকজন পালিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Comments