মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
টুটুল বিশ্বাসঃ“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজৈরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংস্থা IFAD, International Fund for Cultural Development এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. রহিমা খাতুন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মাদারীপুর। তিনি বলেন, কৃষিকে শুধু উৎপাদনমুখী রাখলে হবে না—পুষ্টি ও উদ্যোক্তাভিত্তিক খাতে রূপান্তর জরুরি। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. হাফিজ হাসান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, ফরিদপুর অঞ্চল। তিনি মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক। তিনি বলেন, কৃষি খাতে উদ্ভাবন, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনায় কৃষির উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম শাকিব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধ্রুব মন্ডল, উপজেলা বিএনপি সভাপতি ওহাব আলি মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লেবু, বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকমিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।