এমদাদুল হক টুটুল বিশ্বাসঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর গ্রামে আপন মামাতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে রুবেল মুন্সির বিরুদ্ধে। সোমবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে লালমতি বেগমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন বেপারী (৪০) একটি ভ্যানে করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। লালমতি বেগমের বাড়ির সামনে পৌঁছাতেই রুবেল মুন্সি তার সহযোগীদের সঙ্গে নিয়ে অতর্কিতে রিপনের ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় রিপন দৌড়ে গিয়ে লালমতি বেগমের ঘরে আশ্রয় নেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার বিষয়ে রুবেল মুন্সির মা গণমাধ্যমকে জানান, “আমি আমার বাবার বাড়ির সম্পত্তি টাকার বিনিময়ে চার ভাইয়ের নামে দলিল করে দেওয়ার পর থেকেই রুবেল আমার ওপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি এখন ভাইদের আশ্রয়ে থাকি। রুবেল একজন ইয়াবা ব্যবসায়ী, তার বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আমি আমার ছেলের ফাঁসি চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মুন্সির বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ বহু পুরনো। এলাকাবাসী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলমান।”
আহত রিপন বেপারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।আহত অবস্থায় রিপনকে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হয়, ডাক্তার আশঙ্কা অবস্থা দেখে তাকে প্রথমে ফরিদপুর হসপিটাল পরে ঢাকা নিয়ে যায় বলে জানা যায়।
Comments