শিবচরঃ প্রায় ৪মাস আগে ফরিদপুর সদর থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় চোরাই অটো মজুদ রাখার অপরাধে ২ জনকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, প্রায় ৪ মাস আগে ফরিদপুর সদর থানার বাখুন্ডা এলাকার মনির হোসেনের মালিকানাধীন একটি ইজিবাইক তারই গাড়ির চালক চুরি করে পালিয়ে যায়। ফরিদপুর থানায় ইজিবাইক চুরি সংক্রান্ত একটি মামলাও হয়। ইজিবাইক চুরির বিষয়টি শিবচর থানা পুলিশকে অবহিত করে ফরিদপুর থানা পুলিশ। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শিবচর থানার ওসি মোঃ রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল পাঁচ্চর এলাকায় ছদ্দবেশে অভিযান পরিচালনা করে। অভিযানকালে লতিফ তালুকদারের গ্যারেজ থেকে ফরিদপুর থেকে চুরি যাওয়া ইজিবাইকটি পুলিশ উদ্ধার করে। এসময় পুলিশ চুরির সাথে জড়িত গ্যারেজ মালিক পাঁচ্চর গোয়ালকান্দা গ্রামের করিমুদ্দিনের ছেলে লতিফ তালুকদার ও অটো চালক শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি গ্রামের করিম খানের ছেলে লিটন খানকে আটক করে।আটককৃত লতিফ তালুকদার বলেন, লিটন ও অন্য অপরিচিত এক লোক অটো আমার কাছে নিয়ে আসলে আমি ৭৫ হাজার টাকায় কিনে রাখি।আমি জানতাম না এটি চুরির।
ইজিবাইক মালিক মনির হোসেন বলেন, আমার গাড়ির ড্রাইভার নিজেই গাড়িটি চুরি করে শিবচর এসে বিক্রি করে। এ ব্যাপারে মামলা করার পর শিবচর থানা পুলিশ আজ আমার গাড়িটি উদ্ধার করেছে।
শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, আমরা গোপন সংবাদে অটোটির অবস্থান জানতে পেরে সরকারী গাড়ি ছাড়া অভিযান পরিচালনা করি। যেন গাড়ি দেখে অপরাধীরা পালাতে না পারে। পরে লতিফের গ্যারেজ থেকে ইজিবাইকটি উদ্ধার করি। এসময় দুই জনকে আটক করি। ফরিদপুর থানা পুলিশ আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Comments