বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি:ঘন কুয়াশার কারণে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার (০৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন সরদার (৩১)। তিনি শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। সুমন সরদার শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) নামক একটি এনজিওতে ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং মাদারীপুরের রাজৈর শাখায় দায়িত্ব পালন করছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে সুমন সরদার মোটরসাইকেলযোগে শরীয়তপুর থেকে মাদারীপুরের রাজৈর কর্মস্থলে যাওয়ার পথে সমাদ্দার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন।
একপর্যায়ে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একটি টহল দল সুমনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এখন পর্যন্ত গাড়িটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।